লাইফস্টাইল
দুই ভিন্ন সাজে মিথিলার ফ্যাশন
নিজস্ব প্রতিবেদক · ২৮ আগস্ট ২০২৬, ৬:১৩ সকাল
বিলাসবহুল গাড়ি, ঝকঝকে আলো আর গ্ল্যামারাস ফ্রেম — এমনিতেই নজরকাড়া। কিন্তু চোখ আটকে যায় অন্য জায়গায়। গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা তানজিয়া জামান মিথিলার স্টাইলই যেন হয়ে উঠেছে পুরো দৃশ্যের আলাদা আকর্ষণ।
কখনো রাজকীয় নীল গাউনে তিনি রূপকথার চরিত্র, আবার কখনো সাদা ট্যাংক টপ ও ফ্লেয়ার জিন্সে একেবারে এফোর্টলেস শিক লুকে।
তাঁর ফ্যাশনের সবচেয়ে আকর্ষণীয় দিকটি সম্ভবত এই বৈচিত্র্যই। একদিকে আন্তর্জাতিক ফ্যাশনের নাটকীয়তা, অন্যদিকে দৈনন্দিন পোশাকের সহজ সৌন্দর্য — দুই ধরনের স্টাইলকেই নিজের ব্যক্তিত্বে মানিয়ে নিতে জানেন তিনি। মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে এই বিশেষ গাউনটি পরেছিলেন তিনি।
রাজকীয় নীল রঙের স্ট্রাকচার্ড গাউনটির নকশা করেছে ভিয়েতনামি ব্র্যান্ড ‘মিন তুয়ান কুতুর’। সাম্প্রতিক লুকগুলোর মধ্যে এটিই নিঃসন্দেহে সবচেয়ে নাটকীয়। গাঢ় নীল রঙের শরীরঘেঁষা গাউনে ঝলমলে সিকুইনের কাজ পুরো পোশাকটিকে দিয়েছে তরল আলোর মতো উজ্জ্বলতা।
তবে আসল আকর্ষণ কেবল সিকুইন নয় — কাঁধের ওপরের ভাস্কর্যধর্মী স্ট্রাকচার। বড় ডানার মতো বিস্তৃত এই নকশা আর নীল পালকের ব্যবহার গাউনটিকে সাধারণ পার্টিওয়্যার থেকে টেনে নিয়ে গেছে অ্যাভেন্ট-গার্ড ফ্যাশনের জগতে। মনে হয়, মিথিলা যেন আধুনিক কোনো রূপকথার চরিত্র। বডিফিট সিলুয়েটের সঙ্গে উরু পর্যন্ত স্লিট যোগ করেছে সাহসী আবহ, আর ন্যুড ইলিউশন নেকলাইন এনেছে আধুনিক পরিশীলন।
এমন জমকালো পোশাকের সঙ্গে বাড়তি গয়নার দরকার ছিল না। কানে লম্বা ঝোলানো স্টেটমেন্ট দুলই যথেষ্ট। গাউনের গাঢ় নীলের সঙ্গে রুপালি ঝিলিক তৈরি করেছে সুন্দর কনট্রাস্ট।
চুল পরিপাটি করে পেছনে বাঁধা, সামনে কয়েকটি আলগা চুল মুখের পাশে নেমে এসে সাজে এনেছে নরম আবহ। স্মোকি আই, নিখুঁত আইলাইনার, ন্যুড-গোলাপি ঠোঁট আর গ্লসি বেস মেকআপেও ছিল নিয়ন্ত্রিত গ্ল্যামার।
একই ফ্রেমে তাঁর আরেকটি লুক যেন বলে একেবারে বিপরীত গল্প। সাদা ক্রপড ট্যাংক টপের সঙ্গে ক্ল্যাসিক ওয়াশের ফ্লেয়ার জিন্স — এই সাদামাটা জুটিই স্টাইলকে করেছে আরও আকর্ষণীয়।
সাদা টপের মিনিমাল ভাব আর ফ্লেয়ার জিন্সের রেট্রো সিলুয়েট মিলে তৈরি হয়েছে আধুনিক ক্যাজুয়াল লুক। পায়ে কালো পিপ-টো হিল যোগ হওয়ায় পোশাকটি আর নিছক ক্যাজুয়াল থাকেনি। এই লুকে গয়নাও ছিল বেশ হিসেবি।
কানে ও হাতে কনটেম্পোরারি জুয়েলারির সঙ্গে সোনালি চেনের ঘড়ি। খোলা চুল, স্বাভাবিক অভিব্যক্তি আর আত্মবিশ্বাসী ভঙ্গি দেখিয়ে দিয়েছে — আকর্ষণ তৈরি করতে সব সময় ঝলমলে পোশাক লাগে না। সঠিক সিলুয়েট, সামান্য অ্যাকসেসরিজ আর আত্মবিশ্বাসই যথেষ্ট।
ছবির পটভূমিতে রয়েছে বিলাসবহুল গাড়ি, কিন্তু তাঁর উপস্থিতিতে সেটিও যেন হয়ে উঠেছে ফ্যাশন শুটেরই অংশ। বিশেষ করে সাদা টপ ও ফ্লেয়ার জিন্সের লুকে তৈরি হয়েছে আধুনিক, শহুরে ও খানিকটা রেট্রো আবহ।
দুটি লুক পাশাপাশি রাখলেই তাঁর ফ্যাশন সেন্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটি চোখে পড়ে — তিনি কোনো একটি নির্দিষ্ট স্টাইলে আটকে নেই। আত্মবিশ্বাসই হয়তো তাঁর প্রতিটি ফ্যাশন মুহূর্তকে আলাদা করে তোলে।
সূত্র: জাগো নিউজ — https://www.jagonews24.com/lifestyle/article/1151663
বিষয়:: মিস ইউনিভার্স · ফ্যাশন · মিথিলা
https://news.rayenda.com/bn/lifestyle/2qt57r