রায়েন্দা নিউজ

news.rayenda.com · ছাপার তারিখ: ৩০ আগস্ট ২০২৬

বিনোদন

দর্শকদের রুচি কেমন, কী দেখছেন নেটফ্লিক্সে

নিজস্ব প্রতিবেদক · ২৭ আগস্ট ২০২৬, ১:০০ রাত

দর্শকদের রুচি কেমন, কী দেখছেন নেটফ্লিক্সে
ছবি: প্রথম আলো

গত ২৫ আগস্ট পর্যন্ত নেটফ্লিক্সে বাংলাদেশের দর্শকেরা সবচেয়ে বেশি দেখেছেন ‘ককটেল ২’। শীর্ষে থাকা এই সিনেমার গল্প প্রেম, পারিবারিক সম্পর্ক ও মজার নানা ঘটনা নিয়ে। তালিকায় আছে থ্রিলার আর বেঁচে থাকার লড়াইয়ের গল্পও। সত্য ঘটনা অবলম্বনে ক্রাইম ও ড্রামা ঘরানার সিনেমাও রয়েছে, যা বলে দিচ্ছে এ দেশের দর্শকদের রুচি বেশ বৈচিত্র্যপূর্ণ। দেখে নিতে পারেন সেই পাঁচ সিনেমা।

১. রোমান্টিক সঙ্গে বাড়তি কমেডি
তালিকার শীর্ষে হোমি আদাজানিয়া পরিচালিত রোমান্টিক কমেডি ‘ককটেল ২’। গল্পে দেখা যায়, দীর্ঘদিনের প্রেমিক-প্রেমিকা দিয়া ও কুনালের জীবনে ফিরে আসেন দিয়ার পুরোনো বন্ধু অ্যালি। এরপর তাঁদের সম্পর্কে দানা বাঁধে সন্দেহ। আধুনিক সম্পর্ক, ভালোবাসা ও বন্ধুত্বের টানাপোড়েন উঠে এসেছে সিনেমাটিতে। অভিনয়ে শহীদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মান্দানা। আইএমডিবি রেটিং ৬.৮; সাইটটি একে বলছে ‘গুড ফিলিং মুভি’।

২. ভয়ংকর ফাঁদে পা
সোফি টার্নার অভিনীত ‘ট্রাস্ট’ একটি থ্রিলার। হলিউডের এক অভিনেত্রী কেলেঙ্কারির পর আশ্রয় নেন নির্জন একটি কেবিনে। কিন্তু নিরাপদ মনে হওয়া সেই জায়গাটিই একসময় হয়ে ওঠে ভয়ংকর ফাঁদ। যাঁকে বিশ্বাস করেছিলেন, তাঁর বিশ্বাসঘাতকতার পর নিজের জীবন বাঁচাতে লড়তে হয় তাঁকে। ২০২৫ সালের ২২ আগস্ট যুক্তরাষ্ট্রে মুক্তির পর সিনেমাটি আসে নেটফ্লিক্সে। টার্নার ছাড়াও অভিনয়ে রাইস কয়রো, বিলি ক্যাম্পবেল ও পিটার মেনসা। আইএমডিবি রেটিং খুবই কম — ১০-এ মাত্র ৩.৯।

৩. ভয়ংকর মাদকসম্রাটের গল্প
চাভা কার্তাস পরিচালিত ক্রাইম থ্রিলার ‘ফেসিং এল চ্যাপো’ নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। নিয়মিত দায়িত্ব পালনের সময় একটি গাড়ি থামিয়ে দুই মেক্সিকান পুলিশ কর্মকর্তা মুখোমুখি হন বিশ্বের অন্যতম ভয়ংকর মাদকসম্রাট জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজমানের। এরপরই তাঁদের সামনে আসে জীবন-মৃত্যুর কঠিন পরিস্থিতি। ২০১৬ সালে এল চ্যাপোর গ্রেপ্তারের ঘটনাকে ঘিরেই এগিয়েছে গল্প। অভিনয়ে আলফনসো হেরেরা, নোয়ে হার্নান্দেজ ও হুয়ান পাবলো ক্রুজ গার্সিয়া। আইএমডিবি রেটিং ৬.৭; নেটফ্লিক্সে মুক্তি পায় ২১ আগস্ট।

৪. তামিলের ঘরজামাইয়ের গল্প
পছন্দের তালিকায় রয়েছে তামিল সিনেমা ‘পিয়ার প্রেমা কল্যাণম’। এটি মূলত বিয়ে ও পারিবারিক সম্পর্কের গল্প। বিয়ের পরও নিজের পরিবার ছেড়ে যেতে চান না ইনফ্লুয়েন্সার পাভি, তাই স্ত্রীর বাড়িতেই থাকতে চলে আসেন স্বামী এলান। এরপর নতুন এই দম্পতিকে ঘিরে শুরু হয় পারিবারিক টানাপোড়েন, সংস্কৃতির সংঘাত আর নানা হাস্যরসাত্মক ঘটনা। পরিচালক ও অভিনেতা এলান নিজেই; সঙ্গে আছেন সানভি মেঘনা, রাধিকা সারাথকুমার, এম এস ভাস্কর ও যোগী বাবু। আইএমডিবি রেটিং ৭।

৫. নিজ বাড়িতেই আটকে পড়ার গল্প
তালিকার পাঁচে সায়েন্স ফিকশন থ্রিলার ‘দ্য লাস্ট হাউস’, যেটি নেটফ্লিক্সে এসেছে আগস্টের প্রথম সপ্তাহে। আইএমডিবি রেটিং ৫.৫। গল্পটি চার সদস্যের একটি পরিবারকে ঘিরে, যাঁরা হঠাৎ নিজেদের বাড়ির ভেতরেই আটকা পড়েন — বাইরে বেরোনোর কোনো পথ নেই। খাবার ও প্রয়োজনীয় সামগ্রী ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে কঠিন হয়ে ওঠে টিকে থাকার লড়াই। অভিনয়ে গ্রেটা লি, ওয়াগনার মোরা ও সিড এডওয়ার্ডস।

সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/entertainment/1vuhj0cmri

বিষয়:: সিনেমা · ওটিটি · নেটফ্লিক্স

https://news.rayenda.com/bn/entertainment/3ggkty

আগের