শিক্ষা
‘লিখতে হবে মনের টানে, খ্যাতি বা টাকার জন্য নয়’
নিজস্ব প্রতিবেদক · ২৮ আগস্ট ২০২৬, ৫:১৫ ভোর
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রথম আলো বন্ধুসভার ‘লেখক বন্ধু উৎসব ২০২৬’।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে দিনব্যাপী এই উৎসব শুরু হয়, চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। সারা দেশ থেকে নির্বাচিত লেখক বন্ধুরা এতে অংশ নিয়েছেন।
জাতীয় সংগীতের পর হয় অংশগ্রহণকারী তরুণ লেখকদের পরিচয়পর্ব। উৎসবের আহ্বায়ক সৌমেন্দ্র গোস্বামীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা মুহসিনা বুশরা।
তিনি বলেন, ‘লেখক বন্ধু উৎসবের এই আয়োজন একটু বিশেষ। একজন লেখক পারেন মানুষের কাছে সব বিষয় সুন্দরভাবে তুলে ধরতে। আজ যাঁরা এখানে এসেছেন, সবার জন্য শুভকামনা।’ অংশগ্রহণকারীরা ভালো কিছু শিখে ফিরবেন বলেও প্রত্যাশা জানান তিনি।
শুভেচ্ছা বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক তৌহিদ ইমাম ও কার্যনির্বাহী সদস্য তাপসী রায়।
দিনের প্রথম সেশনে ‘ফ্ল্যাশফিকশন ও মাইক্রোফিকশন: বৈশ্বিক পরিপ্রেক্ষিত’ নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক মোহিত কামাল। তিনি বলেন, ‘যে মনোযোগী হয়, সে সফল হয়। লেখক হতে চাইলে মোটিভেশন থাকতে হবে, লেগে থাকতে হবে, আগ্রহ থাকতে হবে।’
সারা দেশে যেসব বন্ধু নিয়মিত লেখালেখি করেন, তাঁদের কারও কারও বই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, কেউ আবার বিভিন্ন পত্রিকায় নিয়মিত লিখছেন। তরুণ লেখকদের উৎসাহ দেওয়া ও নতুন লেখক তৈরির লক্ষ্যেই তৃতীয়বারের মতো হচ্ছে ‘লেখক বন্ধু উৎসব ২০২৬’।
উৎসবে লেখালেখির নানা বিষয়ে কর্মশালার পাশাপাশি রয়েছে উন্মুক্ত আলোচনা, লেখক-প্রকাশক-সম্পাদক আলাপচারিতা এবং সেরা লেখক বন্ধু সম্মাননা। সঙ্গে আরও নানা আয়োজন। এতে সহযোগী হিসেবে রয়েছে বিকাশ।
আলোচক হিসেবে আছেন অনুবাদক ও কথাসাহিত্যিক ফারুক মঈনউদ্দীন, কথাসাহিত্যিক মোহিত কামাল, সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ, বাতিঘরের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক জাফর আহমদ রাশেদ এবং কথাসাহিত্যিক সাদাত হোসাইন। রয়েছেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ, ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক এবং বন্ধুসভার উপদেষ্টা আনিসুল হক এবং সহযোগী সম্পাদক সুমনা শারমীন।
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/4p5xs9w0fo
বিষয়:: সাহিত্য · লেখক · উৎসব
https://news.rayenda.com/bn/education/684gz9