রাজনীতি
মক্কা চুক্তিতে যোগ দেওয়া নির্ভর করছে সদস্যদেশগুলোর ইচ্ছার ওপর
নিজস্ব প্রতিবেদক · ২৭ আগস্ট ২০২৬, ১০:৫৫ সকাল
মক্কা চুক্তিতে (প্যাক্ট) বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করছে চুক্তিভুক্ত সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তাঁর বক্তব্য, ওই দেশগুলো বাংলাদেশকে চুক্তিতে নেওয়ার আগ্রহ দেখালে বিষয়টি ইতিবাচকভাবেই বিবেচনা করা হবে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এদিন বিকেলে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়।
সম্পূরক প্রশ্নে রুমিন ফারহানা বলেন, গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে মক্কা প্যাক্ট সই করেছে। ওই চুক্তিতে যুক্ত হলে বাংলাদেশের সুবিধা কী হবে, তা জানতে চান তিনি।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ‘এ প্যাক্ট তিনটি দেশের মধ্যে হয়েছে। এ প্যাক্টটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান বা যোগদান না করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে প্যাক্টের সদস্যদের অভিপ্রায়ের ওপর। তারা যদি বাংলাদেশকে এ প্যাক্টে নেওয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করে, তাহলে আমরা নিশ্চয়ই এটাকে ইতিবাচকভাবে বিবেচনা করব।’
তিনি আরও বলেন, ‘তার আগে এর (প্যাক্ট) ভালো–মন্দ নিয়ে আলোচনা করাটা, সম্ভবত সে সময় আসেনি। আমরা নিশ্চয়ই এসব বিষয় বিবেচনা করব। তবে আমাদের মনে রাখতে হবে একটা কথা, এ প্যাক্ট যদি বিস্তৃত হয়, এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা। এটা আমাদের পরিবার। এটা মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। তা নিয়ে কারও, অন্যান্যদের উদ্বেগের অবকাশ নেই।’
সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/politics/0v5212aomm
বিষয়:: সংসদ · পররাষ্ট্র · মক্কা চুক্তি
https://news.rayenda.com/bn/politics/d659kt