শিক্ষা
জবির সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনে নতুন কমিটি
নিজস্ব প্রতিবেদক · ২৮ আগস্ট ২০২৬, ৭:৪৮ সকাল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের সাবেক শিক্ষার্থী মো. নজরুল ইসলাম, আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আরাফাত রাজু।
শুক্রবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিয়ে নতুন নেতৃত্ব বেছে নেন সাবেক শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নির্বাচনকে ঘিরে সকাল থেকেই বিভাগে ছিল উৎসবমুখর পরিবেশ।
নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন তাসনোভা হোসেন। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জোবায়ের আহমেদ, সরকার সাখাওয়াত হোসেন ও আরিফুল ইসলাম। অর্থ সম্পাদক হয়েছেন রকি আহমেদ এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাসুদ রানা।
দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন আবরার জাহিন; সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম; আন্তর্জাতিক ও সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চপল রহমান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আরমান আলী, আশিকুর রহমান, কাওছার খান, মো. আশিকুজ্জামান আশিক, সাইফুল ইসলাম, এমএম মুজাহিদ উদ্দিন, আবু ছালেহ আতিফ, সৈকত সাহা, ইব্রাহীম খলিল ও মোশফিকুর রহমান ইমন।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন বিভাগের শিক্ষার্থী উপদেষ্টা ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. রাইসুল ইসলাম। কমিশনের অপর দুই সদস্য ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মিঠুম মিয়া ও প্রভাষক কামনা আক্তার।
ফল ঘোষণার পর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধান নির্বাচন কমিশনার।
নবনির্বাচিত সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আরও কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য। বিভাগের স্বার্থে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চান তিনি।
সাধারণ সম্পাদক আরাফাত রাজুর ভাষ্য, অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ ও ঐক্য আরও দৃঢ় করা এবং বিভাগের উন্নয়নে কাজ করাই হবে তাঁর মূল লক্ষ্য। দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন তিনি।
ফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিনের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. গিয়াস উদ্দিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশরাফুল আলমসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সূত্র: জাগো নিউজ — https://www.jagonews24.com/campus/news/1151682
বিষয়:: জগন্নাথ বিশ্ববিদ্যালয় · অ্যালামনাই · সাংবাদিকতা
https://news.rayenda.com/bn/education/fen3ag