রায়েন্দা নিউজ

news.rayenda.com · ছাপার তারিখ: ১৬ অক্টোবর ২০২৬

সারাদেশ

নীলফামারীর সেই কিশোর ভ্যানচালককে নতুন ভ্যান দিচ্ছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক · ২৮ আগস্ট ২০২৬, ৭:২৭ সকাল

নীলফামারীর সেই কিশোর ভ্যানচালককে নতুন ভ্যান দিচ্ছে প্রশাসন
ছবি: জাগো নিউজ

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবেশে দুই ব্যক্তি ১৪ বছর বয়সী ভ্যানচালক রেজোয়ানের ভ্যান ছিনিয়ে নেওয়ার ঘটনায় তার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর শিশুটিকে নতুন একটি ভ্যান কিনে দেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

স্থানীয়রা জানান, অল্প বয়স থেকেই পরিবারের হাল ধরতে ভ্যান চালানো শুরু করে রেজোয়ান। প্রতিদিনের আয় দিয়েই চলত তার পরিবার। কিন্তু বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ভাড়া নেওয়ার পর দুই ব্যক্তি তার ভ্যানটি ছিনিয়ে নেন।

স্থানীয়দের ভাষ্য, রংপুরের তারাগঞ্জ বাজার থেকে ওই দুজন সৈয়দপুরের একটি বাসায় জিনিসপত্র পৌঁছে দেওয়ার কথা বলে রেজোয়ানের ভ্যান ভাড়া করেন। সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কে পৌঁছে তাঁরা রেজোয়ানকে সড়কের উল্টো পাশের একটি দোকান থেকে পান আনতে পাঠান। পান নিয়ে ফিরে এসে সে দেখে, ভ্যানটি আর সেখানে নেই।

এদিক-ওদিক খুঁজেও ভ্যানের হদিস মেলেনি। উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে কান্নায় ভেঙে পড়ে কিশোরটি। তার কান্নার দৃশ্য ও ভ্যান ছিনতাইয়ের খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে সৈয়দপুর উপজেলা প্রশাসনের।

পরে ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা রেজোয়ানের সঙ্গে যোগাযোগ করে খোঁজখবর নেন। পরিবারের আর্থিক দুরবস্থার কথা জেনে তাকে নতুন ভ্যান কিনে দেওয়ার আশ্বাস দেন তিনি।

ইউএনও বলেন, একজন কিশোরের আয়ের উৎস কেড়ে নেওয়া অত্যন্ত নিন্দনীয় এবং তা মানবাধিকারের লঙ্ঘন। রেজোয়ান যাতে আবার স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুতই তাকে একটি নতুন ভ্যান উপহার দেওয়া হবে।

রেজোয়ানের পরিবারের অন্যান্য সমস্যা সমাধানেও প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

এদিকে হামলা ও ভ্যান ছিনতাইয়ে জড়িতদের গ্রেফতারে তৎপরতা চালাচ্ছে পুলিশ।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, খবর পাওয়ার পর থেকেই জড়িতদের শনাক্ত করে আটকের জন্য কাজ করছে পুলিশ। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

সূত্র: জাগো নিউজ — https://www.jagonews24.com/country/news/1151677

বিষয়:: ছিনতাই · নীলফামারী · সৈয়দপুর

https://news.rayenda.com/bn/countrywide/gfr82r

আগের