রায়েন্দা নিউজ

news.rayenda.com · ছাপার তারিখ: ৩০ আগস্ট ২০২৬

বিনোদন

ঝড় তোলা ‘মাইকেল’, ওটিটিতে আরও যা দেখবেন

নিজস্ব প্রতিবেদক · ২৮ আগস্ট ২০২৬, ২:০০ রাত

ঝড় তোলা ‘মাইকেল’, ওটিটিতে আরও যা দেখবেন
ছবি: প্রথম আলো

প্রতি সপ্তাহেই ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

‘মাইকেল’
ধরন: সিনেমা | স্ট্রিমিং: জিওহটস্টার | দিনক্ষণ: ২৯ আগস্ট

সমালোচকেরা যেখানে তীব্র আপত্তি তুলছেন, দর্শকেরা সেখানে উচ্ছ্বসিত — এমন টানাপোড়েনেই মাইকেল হয়ে উঠেছে ২০২৬ সালের অন্যতম আলোচিত ছবি। অ্যান্টোইন ফুয়াকোয়ার পরিচালনায় নির্মিত এই বায়োপিকের বিশ্বজোড়া আয় ১০০ কোটি ডলার ছাড়িয়েছে, যা মিউজিক বায়োপিকের ইতিহাসেই সর্বোচ্চ। জুলাইয়ে সেই মাইলফলক ছোঁয়ার পর আয় দাঁড়িয়েছে ১০২ কোটি ডলারের কাছাকাছি। এবার ছবিটি আসছে ওটিটিতে। পপ তারকার ভূমিকায় দেখা গেছে তাঁর ভাতিজা জাফর জ্যাকসনকে। সিক্যুয়েলের ঘোষণাও এসে গেছে প্রযোজনা সংস্থার তরফে।

‘বান্দর’
ধরন: সিনেমা | স্ট্রিমিং: জি৫ | দিনক্ষণ: চলমান

বিনোদন-দুনিয়ায় পঞ্চাশ পেরোনো সমর মেহরা একসময় ছিলেন পরিচিত মুখ, কিন্তু সেই দিন আর নেই। হাতে টাকা নেই, ইনস্যুরেন্সের মেয়াদও ফুরিয়েছে; পিঠের ব্যথায় অস্ত্রোপচার দরকার হলেও তার খরচ জোগানোর সামর্থ্য নেই তাঁর। তবু সবচেয়ে বড় ধাক্কাটা আসে এক মধ্যরাতে, যখন দরজায় এসে দাঁড়ান দুই দুঁদে পুলিশ কর্মকর্তা — সাবেক বান্ধবী তাঁর বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলেছেন। এরপরের ঘটনা নিয়েই এগিয়েছে অনুরাগ কশ্যপের এই ছবি। সমালোচকদের কাছে প্রশংসিত ছবিটি এবার দেখা যাচ্ছে ঘরে বসেই। বিভিন্ন চরিত্রে আছেন ববি দেওল, সাবা আজাদ, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি সেন ও স্বপ্না পাব্বি প্রমুখ।

‘দ্য হুইসপার ম্যান’
ধরন: সিনেমা | স্ট্রিমিং: নেটফ্লিক্স | দিনক্ষণ: চলমান

অ্যালেক্স নর্থের ২০১৯ সালের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটির গল্পে রয়েছে সন্তান অপহরণ, পুরোনো সিরিয়াল কিলার আর বাবা-ছেলের জটিল সম্পর্ক। গল্পের কেন্দ্রে ক্রাইম লেখক টম কেনেডি। আট বছরের ছেলেটি নিখোঁজ হয়ে গেলে দিশাহারা টম দ্বারস্থ হন বাবার, যিনি পুলিশে চাকরি করতেন এবং বহু বছর আগে ধরেছিলেন ভয়ংকর এক সিরিয়াল কিলারকে। তদন্ত এগোতে থাকলে ধীরে ধীরে স্পষ্ট হয়, সেই পুরোনো খুনির সঙ্গে এই নতুন ঘটনার রয়েছে অদ্ভুত এক যোগসূত্র। রবার্ট ডি নিরো ও অ্যাডাম স্কট অভিনীত ছবিটি পরিচালনা করেছেন জেমস অ্যাশক্রফট।

‘দ্য লাস্ট সানরাইজ’
ধরন: সিনেমা | স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও | দিনক্ষণ: চলমান

আনা টডের একই নামের উপন্যাস থেকে তৈরি এই রোমান্টিক ড্রামায় আছেন মায়া রেফিকো, ফার্নান্দো লিন্দেজ ও ইভা লঙ্গোরিয়া। পরিচালক কার্লসন ইয়ং, চিত্রনাট্যকার আনা ক্লাসেন। গল্পের কেন্দ্রে ২২ বছরের ওরিয়াহ ‘রাই’ পেরা। বহুদিন ধরে শরীরের সঙ্গে লড়াই করে চলা এই তরুণীর জীবনের রাশ অনেকটাই মায়ের হাতে, যিনি মেয়েকে ঘিরে রাখেন অতিরিক্ত সুরক্ষার চাদরে। রোগের কারণে ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের প্রস্তাব এলেও রাই বেছে নেন ওষুধেই চলার পথ। এরপর মায়ের কাজের সূত্রে পাড়ি জমান স্পেনের মনোরম দ্বীপ মায়োর্কায় — আর সেখানেই জীবনে প্রথমবার নিজের মতো করে বাঁচার স্বাদ পান তিনি।

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’
ধরন: সিনেমা | স্ট্রিমিং: চরকি | দিনক্ষণ: চলমান

আকাশ হকের এই ছবির বিষয় ছাত্ররাজনীতি — ক্ষমতার হাতবদল, পদের জন্য দৌড়, গ্রুপিং, হল দখলের রাজনীতি, টাকার লেনদেন আর সেই দ্বন্দ্বে তরুণদের জড়িয়ে পড়ার পরিচিত ছবি। বিষয়গুলো নির্মাতা পর্দায় এনেছেন হাস্যরসের মোড়কে। চলচ্চিত্র উৎসব ও প্রেক্ষাগৃহ ঘুরে ছবিটি এখন এসেছে ওটিটিতে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়ীদ, ইফাদ হাসান, চয়ন মন্ডল, এস এ জীবন ও মেহেদী হাসান সোহানসহ আরও অনেকে। পরিচালনার পাশাপাশি প্রযোজনা, চিত্রনাট্য, সম্পাদনা ও চিত্রগ্রহণের কাজও করেছেন আকাশ হক।

‘ডার্ক ম্যাটার ২’
ধরন: সিরিজ | স্ট্রিমিং: অ্যাপল টিভি+ | দিনক্ষণ: ২৮ আগস্ট

একই মানুষ, অথচ তাঁর কতগুলো সংস্করণ! কোনো বাস্তবতায় তিনি বিজ্ঞানী, পরিবারের দায়িত্বশীল বাবা; আবার অন্য বাস্তবতায় তাঁর জীবন একেবারেই অন্য রকম। এই দুই জীবনের সংঘাতই এই সায়েন্স ফিকশন থ্রিলারের প্রাণ। প্রথম মৌসুমের প্রায় দুই বছর পর আসছে দ্বিতীয় কিস্তি — মোট ১০টি পর্ব, প্রতি শুক্রবার একটি করে, শেষ পর্ব ৩০ অক্টোবর। সিরিজটি তৈরি ব্লেক ক্রাউচের একই নামের উপন্যাস অবলম্বনে; তবে দ্বিতীয় মৌসুমে গল্প পেরিয়ে যাচ্ছে উপন্যাসের সীমানা, কারণ মূল বইয়ে এই মৌসুমের জন্য সরাসরি কোনো গল্প নেই। ফলে দর্শকের জন্য অনেকটাই নতুন ও অজানা জগৎ তৈরি করেছেন নির্মাতারা। অভিনয়ে জোয়েল এজারটন, জেনিফার কনেলি, অ্যালিস ব্রাগা, জিমি সিম্পসন, ডেও ওকেনিয়ি ও ওকস ফেগলি।

সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/entertainment/ott/d7obtja687

বিষয়:: সিনেমা · মাইকেল জ্যাকসন · ওটিটি

https://news.rayenda.com/bn/entertainment/jis9wq

আগের