রায়েন্দা নিউজ

news.rayenda.com · ছাপার তারিখ: ৩০ আগস্ট ২০২৬

সারাদেশ

কার্পেটিংয়ের ওপর ইটের সোলিং, তীব্র ঝাঁকুনিতে চলাচল

নিজস্ব প্রতিবেদক · ২৮ আগস্ট ২০২৬, ৬:০৮ সকাল

কার্পেটিংয়ের ওপর ইটের সোলিং, তীব্র ঝাঁকুনিতে চলাচল
ছবি: জাগো নিউজ

বগুড়ার ধুনট-সোনাহাটা সড়কটি পিচঢালা। কিন্তু বিভিন্ন অংশে তৈরি হয়েছে খানাখন্দ, যাতে ভুগছেন চালক ও পথচারীরা। এই অবস্থায় সংস্কারের নামে কার্পেটিংয়ের ওপরই দেওয়া হয়েছে ইটের সোলিং — তাতে দুর্ভোগ বরং আরও বেড়েছে।

সরেজমিনে দেখা যায়, এলাকার মানুষের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন এ পথ দিয়ে চলাচল করেন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক ও চাকরিজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। নিয়মিত চলে পণ্যবাহী ট্রাক, বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ভ্যানের মতো যানবাহনও। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের নানা অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে; কোথাও কোথাও পিচ ও পাথর উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই সেসব গর্তে পানি জমে চলাচল আরও কঠিন হয়ে ওঠে। ক্ষতিগ্রস্ত অংশে স্থায়ী সংস্কারের বদলে কোথাও কোথাও পাকা সড়কের ওপরই ইটের সোলিং করে আপাতত চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

তবে উঁচু-নিচু করে বিছিয়ে রাখা সেই ইটের কারণে যানবাহন স্বাভাবিকভাবে চলতে পারছে না। মোটরসাইকেল ও ছোট যানবাহনের ক্ষেত্রে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ইটের ওপর দিয়ে চলার সময় ঝাঁকুনিতে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরাও। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন অসুস্থ রোগী ও তাঁদের স্বজনেরা।

জরুরি প্রয়োজনে রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার সময় ক্ষতিগ্রস্ত অংশে ধীরে চলতে হয়। এতে একদিকে সময় বেশি লাগে, অন্যদিকে বাড়তি ঝাঁকুনিতে রোগীর কষ্টও বাড়ে।

এলাকাবাসীর অভিযোগ, পাকা সড়ক সংস্কারের নামে সাময়িকভাবে ইট বিছিয়ে সমস্যার সমাধান দেখানো হয়েছে। কিন্তু তাতে দুর্ভোগ কমার বদলে অনেক ক্ষেত্রে বেড়েছে।

আমির হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, ‌‘পাকা রাস্তার ওপর ইট বিছিয়ে দেওয়ায় এখন গাড়িতে চলাচল করাই কষ্টকর হয়ে পড়েছে। ইটগুলো সমান না থাকায় বিশেষ করে মোটরসাইকেল চালাতে ভয় লাগে। দ্রুত রাস্তাটি স্থায়ীভাবে সংস্কার করা দরকার।’

সড়কটি দিয়ে নিয়মিত চলাচল করেন সিএনজিচালক ম‌নির মিয়া। তিনি বলেন, ‘ইটের ওপর দিয়ে গাড়ি চালালে প্রচণ্ড ঝাঁকুনি হয়। গাড়ির যন্ত্রাংশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাত্রীদের কাছ থেকেও অভিযোগ শুনতে হয়। বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হয়।’

আরেক চালক আক্কাস আলীর ভাষ্য, ‘গর্তের জায়গায় ইট বসানো হয়েছে। কিন্তু ইটগুলো অনেক জায়গায় উঁচু-নিচু। গাড়ির গতি কমিয়ে চালাতে হয়। এতে সময় বেশি লাগে। দুর্ঘটনার আশঙ্কাও থাকে।’

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রা‌শেদুল হক বলেন, ‘সড়কটির ক্ষতিগ্রস্ত অংশগুলো চিহ্নিত করা হয়েছে। জরুরি ভিত্তিতে চলাচল স্বাভাবিক রাখতে কোথাও কোথাও ইটের সোলিং করা হয়েছে। স্থায়ী সংস্কারের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার করা হবে।’

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী জানান, সড়ক সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে; তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

সূত্র: জাগো নিউজ — https://www.jagonews24.com/country/news/1151661

বিষয়:: বগুড়া · সড়ক · দুর্ভোগ

https://news.rayenda.com/bn/countrywide/jv6jrx

আগের