রায়েন্দা নিউজ

news.rayenda.com · ছাপার তারিখ: ৩১ আগস্ট ২০২৬

সারাদেশ

মাছবাজারের ময়লা-দুর্গন্ধে স্কুলে যেতে অনীহা শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক · ২৮ আগস্ট ২০২৬, ৫:১৪ ভোর

মাছবাজারের ময়লা-দুর্গন্ধে স্কুলে যেতে অনীহা শিক্ষার্থীদের
ছবি: জাগো নিউজ

মাদারীপুরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজার এলাকার মাছবাজারের নোংরা পানি, ময়লা-আবর্জনা ও দুর্গন্ধ পেরিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে যাতায়াতের ভোগান্তির পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতেও পড়ছে তারা। বছরের পর বছর ধরে এমন পরিস্থিতি চললেও স্থায়ী কোনো সমাধান হয়নি।

বিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার সংশ্লিষ্টদের জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।

বিদ্যালয়, শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা গেছে, মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরানবাজার এলাকায় ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয় রাজ্জাক হাওলাদার অ্যাকাডেমি। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে বর্তমানে পড়ছে প্রায় ২৫০ শিক্ষার্থী, যাদের বেশির ভাগই শ্রমিক ও নিম্ন আয়ের পরিবারের সন্তান। এলাকায় প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে সেখানে ১১ জন শিক্ষক ও পাঁচজন কর্মচারী আছেন।

বিদ্যালয়ের গা ঘেঁষেই মাছবাজার। বাজারের টলঘরটি বিদ্যালয়ে যাতায়াতের সংযোগ সড়কের তুলনায় বেশ উঁচু। ফলে বাজারের নোংরা পানি ও ময়লা-আবর্জনা গড়িয়ে এসে জমে থাকে সড়কের ওপর। সামান্য বৃষ্টিতেই সেখানে হাঁটুপানি জমে যায়। এই নোংরা পানি আর দুর্গন্ধ পেরিয়েই প্রতিদিন যাতায়াত করতে হয় শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন অবস্থার কারণে অনেকেই আর বিদ্যালয়ে আসতে চায় না। কেউ কেউ বিদ্যালয় বদলে দূরের অন্য প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে। এতে উপস্থিতি ও পড়াশোনায় পড়ছে নেতিবাচক প্রভাব। দ্রুত সমাধান চান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

দশম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া আক্তার বলে, ‘বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে মাছ বাজারের ময়লা পানি ও আবর্জনার কারণে আমাদের খুব কষ্ট হয়। দুর্গন্ধে এখান দিয়ে আসতে পারি না। এতে আমরা নানা রোগেও আক্রান্ত হচ্ছি। পৌর কর্তৃপক্ষ যেন দ্রুত ব্যবস্থা নিয়ে আমাদের জন্য সুন্দর পরিবেশ তৈরি করে।’

আরেক শিক্ষার্থী নাহিদ বলে, ‘বিদ্যালয়ের এই পরিবেশের কারণে অনেক শিক্ষার্থী আসতে চায় না। অনেকে দূরে গিয়ে অন্য বিদ্যালয়ে ভর্তি হয়। আমাদেরও বিদ্যালয়ে আসতে অনেক কষ্ট হয়।’

সহকারী প্রধান শিক্ষক মো. হেমায়েত হোসেন বলেন, ‘বিদ্যালয়ে ঢুকতেই উত্তর দিকের সড়কে মাছ বাজারের ময়লা-আবর্জনা ও নোংরা পানি পড়ে থাকে। এতে শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা হয়। ময়লা-আবর্জনায় মশা-মাছি বসছে, রোগজীবাণুও ছড়াচ্ছে। ফলে শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। দ্রুত এর সমাধান প্রয়োজন।’

প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম হাওলাদার বলেন, ‘এ বিষয়টি নিয়ে আমরা বারবার বিভিন্ন মহলে গিয়েও কোনো ফল পাইনি। বিদ্যালয়ে ঢুকতেই নোংরা পরিবেশের কারণে শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে দ্রুত সড়কটি উঁচু করে পুনর্নির্মাণের দাবি জানাই।’

মাদারীপুর মৎস্য আড়তদার সমিতির সভাপতি মো. মোসলেম মাতুব্বর বলেন, ‘এ বিষয়টি নিয়ে আমরা বারবার পৌরসভা কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা এগিয়ে না এলে আমাদের কী করার আছে? ছোট ছোট বাচ্চাদের এই সড়ক দিয়ে যেতে অনেক কষ্ট হয়। আবারও পৌরসভায় গিয়ে বিষয়টি জানানো হবে।’

মাদারীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস বলেন, ‘পৌরসভা থেকে বেশ কয়েকবার ড্রেনসহ সড়কটি পরিষ্কার করে দেওয়া হয়েছে। মাছ বাজারের টলঘর উঁচু আর সড়ক নিচু হওয়ায় এ সমস্যা হচ্ছে। তবে সড়কটি সংস্কারের জন্য ইতোমধ্যে টেন্ডারের কাজ সম্পন্ন হয়েছে। এ মাসের শেষের দিকে কাজ শুরু হওয়ার কথা ছিল। আশা করছি, খুব দ্রুতই কাজ শুরু হবে। এতে সমস্যার সমাধান হয়ে যাবে।’

সূত্র: জাগো নিউজ — https://www.jagonews24.com/country/news/1151648

বিষয়:: শিক্ষা · পরিবেশ · মাদারীপুর

https://news.rayenda.com/bn/countrywide/ki2bvr

আগের