রায়েন্দা নিউজ

news.rayenda.com · ছাপার তারিখ: ৩১ আগস্ট ২০২৬

খেলা

রুবেলের পাঁচ উইকেট, বাংলাদেশ এইচপির টানা জয়

নিজস্ব প্রতিবেদক · ২৮ আগস্ট ২০২৬, ৬:০১ সকাল

রুবেলের পাঁচ উইকেট, বাংলাদেশ এইচপির টানা জয়
ছবি: জাগো নিউজ

অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্পিনার মোহাম্মদ রুবেলের ভেলকি চলছেই। প্রথম ৫ ম্যাচে ১৫ উইকেট নেওয়া এই স্পিনার এবার পেলেন ফাইফার। তাঁর ঘূর্ণিতেই নর্দান টেরিটরিকে অল্প রানে আটকে রেখেছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। পরে ভালো শুরুর পরও শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়লেও জয় নিয়েই মাঠ ছেড়েছে ইরফান শুক্কুরের দল।

শুক্রবার ডারউইনে নিজেদের ষষ্ঠ ম্যাচে নর্দান টেরিটরিকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ এইচপি। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান তোলে স্বাগতিকেরা। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৯তম ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ। প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেওয়া রহস্য স্পিনার রুবেলের বোলিং ফিগার ৪ ওভারে ২১ রানে ৫ উইকেট।

ছয় ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ভিক্টোরিয়া সিএ।

তিন পরিবর্তন নিয়ে মাঠে নামা বাংলাদেশ রান তাড়ায় ওপেনিং জুটিতেও বদল আনে। হাবিবুর রহমান সোহানের সঙ্গে ওপেন করতে নামেন আরিফুল ইসলাম, যিনি ৬ বলে করেন ১০ রান। পঞ্চম ওভারে ফেরেন সোহানও, তাঁর ব্যাট থেকে আসে ১৮ বলে ২২।

৪১ রানে দুই উইকেট হারানোর পর হাল ধরেন আগের দুই ম্যাচে ফিফটি করা সাব্বির রহমান। শামীম হোসেনকে নিয়ে তৃতীয় উইকেটে যোগ করেন ৩৪ রান। রান তুলতে ভুগতে থাকা শামীম ১১ বলে ১১ রানে ফেরেন। এরপর শুক্কুরকে সঙ্গী করে আরও ৩৫ রানের জুটি গড়েন সাব্বির।

দলীয় ১১০ রানে বিদায় নেন তিনি; ৩৭ বলে ২ চার ও ১ ছক্কায় করেন ৪২ রান। সাব্বিরসহ ৩০ রানের মধ্যে হঠাৎ ৪ উইকেট হারায় বাংলাদেশ। তবে ১৮তম ওভারে একটি করে চার ও ছক্কা হাঁকিয়ে আর কোনো নাটকীয়তা হতে দেননি সামিউর বাশার রাতুল। ১৯তম ওভারের দ্বিতীয় বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় দল।

এর আগে টস হেরে বোলিংয়ে নেমে প্রথম ওভারেই ১৩ রান দেন মৃত্যুঞ্জয় চৌধুরী। তবে এরপরই রুবেলের বোলিংয়ের সামনে খেই হারায় নর্দান টেরিটরি।

দ্বিতীয় ওভারে তাঁর বল সামনে এগিয়ে ডিফেন্ড করতে গিয়ে স্টাম্পিং হন হার্শতিক বিমব্রাল। এক ওভার পর নিজের দ্বিতীয় ওভারে জোড়া শিকার ধরেন রুবেল — ফেরান জাগা কদুরু ও ডোউতজি হোগেনবোইজেমকে।

পঞ্চম ওভারে রিলে মার্ককে ফিরিয়ে স্বাগতিকদের আরও চাপে ফেলেন বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যাওয়া দলকে টানার চেষ্টা করেন জর্ডান সিল্ক ও ম্যাট হ্যামন্ড। পঞ্চম উইকেটে দুজনের জুটিতে আসে ৩৭ বলে ৪৫ রান। ৩১ রান করা সিল্ক ফিরলে ভাঙে জুটিটি; ২৩ বলের ইনিংসে ছিল ৩টি চার।

এরপর আক্রমণে ফিরে আরও দুই শিকার ধরেন রুবেল — পরপর দুই বলে সাজঘরে পাঠান হ্যামন্ড ও অ্যাগারকে। হ্যামন্ড ২৬ বলে দুই চারে করেন ২৬ রান।

এই ধাক্কা সামলে নবম উইকেটে ২১ বলে ২৯ রানের জুটিতে দলের সংগ্রহ দেড় শর কাছাকাছি নিয়ে যান ক্যাডেল ম্যাকমোহন ও স্যাম বার্কার। ম্যাকমোহন ১৭ বলে ২৫ এবং বার্কার ১৪ বলে ১৮ রান করেন।

সূত্র: জাগো নিউজ — https://www.jagonews24.com/sports/cricket/1151658

বিষয়:: ক্রিকেট · বাংলাদেশ · রুবেল

https://news.rayenda.com/bn/sports/vfztx2

আগের