রায়েন্দা নিউজ

news.rayenda.com · ছাপার তারিখ: ৩০ আগস্ট ২০২৬

জাতীয়

দুই আসামির ডোপ টেস্ট হবে, হত্যাকাণ্ড ঘিরে প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক · ২৬ আগস্ট ২০২৬, ৭:০০ সকাল

দুই আসামির ডোপ টেস্ট হবে, হত্যাকাণ্ড ঘিরে প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজার আশ্বাস
ছবি: প্রথম আলো

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের বন্ধু সীমান্ত দাস আদালতে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার রাতে রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে তিনি এই জবানবন্দি দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার নতুন তদন্ত কর্মকর্তা, রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক জিন্নাত আলী।

তদন্ত কর্মকর্তা জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে সাক্ষী হিসেবে সীমান্তের জবানবন্দি রেকর্ড করতে আদালতে আবেদন করা হয়েছিল। মঙ্গলবার বাবার সঙ্গে আদালতে এসে তিনি জবানবন্দি দেন। সীমান্ত যে বর্ণনা দিয়েছেন, তা গ্রেপ্তার দুই আসামি মুগ্ধ ও সিদ্ধার্থের স্বীকারোক্তিমূলক জবানবন্দির সঙ্গে হুবহু মিলে গেছে। ঘটনার রাতে আসামিরা সীমান্তের বাসায় গিয়ে ইয়াবা সেবন করেছিলেন বলে যে তথ্য দিয়েছিলেন, আদালতে সীমান্তও একই কথা বলেছেন।

এর আগে গত রোববার দুই আসামিকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছিল, হত্যাকাণ্ডের রাতে সীমান্তের বাড়িতে মাদক সেবন করেছিলেন সিদ্ধার্থ ও মুগ্ধ।

এদিকে গ্রেপ্তার দুজনের মাদকাসক্তির বিষয়ে নিশ্চিত হতে ডোপ টেস্টের উদ্যোগ নিয়েছে পুলিশ। জিন্নাত আলী জানান, সোমবার সকালে এ-সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি মিলেছে এবং আনুষ্ঠানিক আবেদনও করা হয়েছে। বুধবার তাঁদের ডোপ টেস্টের জন্য পাঠানো হবে।

হত্যাকাণ্ড ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সে প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা বলেন, ‘এই হত্যাকাণ্ড নিয়ে যেসব প্রশ্ন তৈরি হয়েছে, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার প্রতিটির উত্তর খুঁজে বের করা হবে। এ মামলায় কঠোরভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।’

নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী গত রোববার রংপুর কোতোয়ালি থানায় বাদী হয়ে হত্যা মামলা করেন। শুরুতে মামলাটি তদন্ত করছিলেন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি। পরে সোমবার রাতে তদন্তভার ডিবিতে হস্তান্তর করা হয়।

গত শনিবার রাতে রংপুর নগরের কামাল কাছনা এলাকার মাছুয়াপাড়ার বাড়ি থেকে গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের মরদেহ উদ্ধার করা হয়েছিল।

সূত্র: প্রথম আলো — https://www.prothomalo.com/bangladesh/district/5nqbzjpw33

বিষয়:: রংপুর · হত্যাকাণ্ড · তদন্ত

https://news.rayenda.com/bn/national/vmr5yt

আগের