রায়েন্দা নিউজ

news.rayenda.com · ছাপার তারিখ: ১৬ অক্টোবর ২০২৬

খেলা

‘দল থেকে বাদ দেওয়া মানেই এনজো সিটিতে যাচ্ছেন — এমন নয়’

নিজস্ব প্রতিবেদক · ২৮ আগস্ট ২০২৬, ৯:০৮ সকাল

‘দল থেকে বাদ দেওয়া মানেই এনজো সিটিতে যাচ্ছেন — এমন নয়’
ছবি: জাগো নিউজ

ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার গুঞ্জনের মধ্যেই এনজো ফার্নান্দেজকে কারাবাও কাপের ম্যাচে চেলসির স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত নেন কোচ জাবি আলোনসো। তবে এই সিদ্ধান্তের সঙ্গে সিটির সম্ভাব্য প্রস্তাব বা দলবদলের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছেন স্প্যানিশ এই কোচ।

বুধবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে লুটনের বিপক্ষে কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে ২-০ গোলে জিতেছে চেলসি। ম্যাচের একদিন আগেই আলোনসো জানিয়েছিলেন, ফার্নান্দেজ ম্যাচে থাকবেন বলেই তিনি আশা করছেন; কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টাইন মিডফিল্ডারকে পুরোপুরি স্কোয়াডের বাইরে রাখেন তিনি।

এরপরই নতুন করে শুরু হয় তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা। আর্জেন্টিনার কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ম্যানচেস্টার সিটির সঙ্গে সম্ভাব্য দলবদলের আলোচনার কারণেই খেলতে চাননি ফার্নান্দেজ। তবে সেই দাবি নাকচ করেছেন আলোনসো।

ম্যাচ শেষে তাঁকে কেন দলে রাখা হয়নি — এমন প্রশ্নের জবাবে কোচ জানান, খেলোয়াড়দের আলাদা করে মূল্যায়ন করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমরা ব্যক্তিগত ও দলগতভাবে মূল্যায়ন করি- আজকের ম্যাচের জন্য দলের জন্য কোনটা ভালো, যারা খেলছে তাদের জন্য কোনটা ভালো। এটা আমার এবং ক্লাবের সিদ্ধান্ত।’

ম্যানচেস্টার সিটি ফার্নান্দেজকে দলে নিতে প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে — এমন খবরের পর তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আরও আলোচনার জন্ম দেয়। কিন্তু বিষয়টি সরাসরি অস্বীকার করে আলোনসো বলেন, ‘না, আজকের ম্যাচের কারণেই। আমাদের আরও কিছু খেলোয়াড় আছে, যাদের মিনিট দরকার ছিল। বিষয়টি এমনই। সিদ্ধান্তটা আমি নিয়েছি।’

ফার্নান্দেজের পেশাদারিত্ব নিয়েও কোনো প্রশ্ন নেই বলে জানান তিনি — ‘সে ভালো পেশাদার। ভালোভাবে অনুশীলন করছে। তাকে নিয়ে আমার বলার কিছু নেই। আমরা আজকের ম্যাচের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। রবিবার কী হয়, আমরা দেখব।’

২৫ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে দলবদলের গুঞ্জন অবশ্য নতুন নয়। জানা গেছে, মে মাসেই চেলসি ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার।

তখন তাঁর জন্য ১২ কোটি পাউন্ড মূল্য নির্ধারণ করেছিল চেলসি। সম্ভাব্য আগ্রহী দলগুলোর কাছ থেকে প্রস্তাব পেতে ১৩ আগস্ট একটি অনানুষ্ঠানিক সময়সীমাও বেঁধে দিয়েছিল ক্লাবটি। কিন্তু সেই সময়ের মধ্যে কোনো লিখিত প্রস্তাব না আসায় তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা শেষ করে দেওয়া হয় বলে সূত্র জানিয়েছিল।

তারপরও ম্যানচেস্টার সিটি নতুন করে উদ্যোগী হয়েছে বলে খবর। ফলে লুটনের বিপক্ষে তাঁর অনুপস্থিতি স্বাভাবিকভাবেই নতুন জল্পনা তৈরি করে। তবে আলোনসোর বক্তব্য অনুযায়ী, আপাতত ফার্নান্দেজকে নিয়ে ক্লাবের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

সমর্থকদের সঙ্গে তাঁর সম্পর্কও সাম্প্রতিক সময়ে কিছুটা অস্বস্তিকর হয়ে উঠেছে। প্রাক-মৌসুমের এক ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বদলি হিসেবে নামার সময় চেলসির কিছু সমর্থক তাঁকে দুয়ো দেন; যদিও একই সময়ে গ্যালারির অন্য অংশ থেকে শোনা যায় সমর্থনের শব্দও।

২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ফার্নান্দেজ। চেলসিতে যোগ দেওয়ার পরও দলের মাঝমাঠে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তাই তাঁর সম্ভাব্য বিদায় নিয়ে আলোচনা সমর্থকদের মধ্যেও বিভাজন তৈরি করেছে।

এদিকে লুটনের বিপক্ষে ম্যাচে গোলরক্ষক পজিশনেও ছিল বড় পরিবর্তন। সোমবার ফুলহামের বিপক্ষে ৩-২ গোলের জয়ে রবার্ট সানচেজের দুটি ভুল থেকে গোল হজম করেছিল চেলসি। এরপর তাঁকে বেঞ্চে বসিয়ে ২১ বছর বয়সী বেলজিয়ান গোলরক্ষক মাইক পেন্ডার্সকে অভিষেক করান আলোনসো।

পেন্ডার্সকে ভবিষ্যতের সম্ভাব্য এক নম্বর গোলরক্ষক হিসেবেই বিবেচনা করছে চেলসি। লুটনের বিপক্ষে খুব বেশি পরীক্ষা দিতে না হলেও তাঁর শান্ত ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ।

তিনি বলেন, ‘মাইকের সামনে আরও কঠিন ম্যাচ আসবে। তবে কিছু মুহূর্তে তাকে চাপে থাকতে দেখেছি, কিন্তু সে শান্ত ছিল। অনেক সেভ করতে হয়নি, তবে ভবিষ্যতের পাশাপাশি বর্তমানের জন্যও সে দারুণ।’

সূত্র: জাগো নিউজ — https://www.jagonews24.com/sports/football/1151697

বিষয়:: ফুটবল · চেলসি · এনজো ফার্নান্দেজ

https://news.rayenda.com/bn/sports/5snukx

আগের