ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার গুঞ্জনের মধ্যেই এনজো ফার্নান্দেজকে কারাবাও কাপের ম্যাচে চেলসির স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত নেন কোচ জাবি আলোনসো। তবে এই সিদ্ধান্তের সঙ্গে সিটির সম্ভাব্য প্রস্তাব বা দলবদলের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছেন স্প্যানিশ এই কোচ।
বুধবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে লুটনের বিপক্ষে কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে ২-০ গোলে জিতেছে চেলসি। ম্যাচের একদিন আগেই আলোনসো জানিয়েছিলেন, ফার্নান্দেজ ম্যাচে থাকবেন বলেই তিনি আশা করছেন; কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টাইন মিডফিল্ডারকে পুরোপুরি স্কোয়াডের বাইরে রাখেন তিনি।
এরপরই নতুন করে শুরু হয় তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা। আর্জেন্টিনার কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ম্যানচেস্টার সিটির সঙ্গে সম্ভাব্য দলবদলের আলোচনার কারণেই খেলতে চাননি ফার্নান্দেজ। তবে সেই দাবি নাকচ করেছেন আলোনসো।
ম্যাচ শেষে তাঁকে কেন দলে রাখা হয়নি — এমন প্রশ্নের জবাবে কোচ জানান, খেলোয়াড়দের আলাদা করে মূল্যায়ন করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমরা ব্যক্তিগত ও দলগতভাবে মূল্যায়ন করি- আজকের ম্যাচের জন্য দলের জন্য কোনটা ভালো, যারা খেলছে তাদের জন্য কোনটা ভালো। এটা আমার এবং ক্লাবের সিদ্ধান্ত।’
ম্যানচেস্টার সিটি ফার্নান্দেজকে দলে নিতে প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে — এমন খবরের পর তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আরও আলোচনার জন্ম দেয়। কিন্তু বিষয়টি সরাসরি অস্বীকার করে আলোনসো বলেন, ‘না, আজকের ম্যাচের কারণেই। আমাদের আরও কিছু খেলোয়াড় আছে, যাদের মিনিট দরকার ছিল। বিষয়টি এমনই। সিদ্ধান্তটা আমি নিয়েছি।’
ফার্নান্দেজের পেশাদারিত্ব নিয়েও কোনো প্রশ্ন নেই বলে জানান তিনি — ‘সে ভালো পেশাদার। ভালোভাবে অনুশীলন করছে। তাকে নিয়ে আমার বলার কিছু নেই। আমরা আজকের ম্যাচের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। রবিবার কী হয়, আমরা দেখব।’
২৫ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে দলবদলের গুঞ্জন অবশ্য নতুন নয়। জানা গেছে, মে মাসেই চেলসি ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার।
তখন তাঁর জন্য ১২ কোটি পাউন্ড মূল্য নির্ধারণ করেছিল চেলসি। সম্ভাব্য আগ্রহী দলগুলোর কাছ থেকে প্রস্তাব পেতে ১৩ আগস্ট একটি অনানুষ্ঠানিক সময়সীমাও বেঁধে দিয়েছিল ক্লাবটি। কিন্তু সেই সময়ের মধ্যে কোনো লিখিত প্রস্তাব না আসায় তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা শেষ করে দেওয়া হয় বলে সূত্র জানিয়েছিল।
তারপরও ম্যানচেস্টার সিটি নতুন করে উদ্যোগী হয়েছে বলে খবর। ফলে লুটনের বিপক্ষে তাঁর অনুপস্থিতি স্বাভাবিকভাবেই নতুন জল্পনা তৈরি করে। তবে আলোনসোর বক্তব্য অনুযায়ী, আপাতত ফার্নান্দেজকে নিয়ে ক্লাবের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।