টি-টোয়েন্টি নাকি ওয়ানডে হচ্ছে? গেম ডেভেলপমেন্ট ট্রফির (জিডি ট্রফি) উদ্বোধনী ম্যাচের শুরুটা দেখে প্রেসবক্সে সবার মুখে ছিল এই প্রশ্নই। অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের জারিফ সিয়াম ও মোহাম্মদ আব্দুল্লাহ যেভাবে ধ্বংসাত্মক শুরু এনে দিয়েছিলেন, তাতে এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
দুর্দান্ত খেলতে থাকা জারিফ অবশ্য মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন। তবু পাহাড়সম সংগ্রহ গড়তে অসুবিধা হয়নি অনূর্ধ্ব-১৯ দলের, আর সেই লক্ষ্য টপকানো সম্ভব হয়নি প্রতিপক্ষের পক্ষে।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিডি ট্রফির উদ্বোধনী ম্যাচে অনূর্ধ্ব-১৭ দলকে ২৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৩ ওভারে। তাতে ৮ উইকেটে ৩২৯ রান তোলে ১৯ দল। জবাবে ২৯.১ ওভারে ৮৩ রানেই গুটিয়ে যায় ১৭ দল।
রান তাড়ায় ১৪ রানের মধ্যেই ৩ উইকেট হারায় অনূর্ধ্ব-১৭ দল, ২০ রানের মাথায় পড়ে চতুর্থটি। দুই ওপেনারের কেউই রানের খাতা খুলতে পারেননি। তিনে নামা নয়ন বাবু ২২ বলে করেন ৬ রান, সৌরভ কর্মকারের ব্যাট থেকে আসে ৩ বলে ৪। মাঝে হাল ধরার চেষ্টা করেন ইমরান ভূঁইয়া, ৪৭ বলে করেন ২৪ রান।
শেষ দিকে রিফাত হাওলাদার ২৬ বলে ১০ রান যোগ করেন। শেষ পর্যন্ত ২৯.১ ওভারে ৮৩ রানেই থামে দলটি। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৩ উইকেট নেন শাকিল খান; ২টি করে পান শেখ আতিকুর রহমান ও তাফিউল আলম তামিম।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনার জারিফ সিয়াম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল মুহির ব্যাটে উড়ন্ত সূচনা পায় অনূর্ধ্ব-১৯ দল। ওপেনিং জুটিতে মাত্র ৩.৫ ওভারেই আসে ৪৩ রান। তবে মুহি বেশিক্ষণ টেকেননি, ১০ বলে ১১ রান করে ফেরেন। তিনে নামা আদ্রিত ঘোষও দ্রুত বিদায় নেন।
এরপর মোহাম্মদ আহসান আল মুমিনকে নিয়ে লম্বা জুটি গড়েন জারিফ। ৯৯ রানে পৌঁছে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতেই মুমিনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন তিনি। ৭৬ বলের ইনিংসে ছিল ১২টি চার ও ৩টি ছক্কা। আহসান ফিফটি পেলেও বেশি দূর যেতে পারেননি — ৬৫ বলে ৮ চার ও ১ ছক্কায় করেন ৬৭ রান।
ফরিদ হাসান ফয়সাল শেয়দি ৫৩ বলে ৫ চার ও ১ ছক্কায় খেলেন ৬২ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৪৩ ওভারে ৮ উইকেটে ৩২৯ রানের বিশাল পুঁজি দাঁড় করায় অনূর্ধ্ব-১৯ দল। অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ৩ উইকেট নেন ইয়াসিন মজুমদার, ২টি সিফাত আলী।