রাষ্ট্রীয় দায়িত্ব ও রাষ্ট্রের কল্যাণে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে আমি দল, সংসদ ও মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করে এসেছি। আমি এখন সম্পূর্ণভাবে একজন দলনিরপেক্ষ মানুষ। দলনিরপেক্ষভাবেই আমি আমার দায়িত্ব পালন করে যাব।’

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি জানান, দায়িত্ব পালনে কারও প্রতি তাঁর কোনো রাগ-অনুরাগ থাকবে না; দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থই হবে একমাত্র লক্ষ্য। যেকোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন এবং সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য রাখতে হবে।’ নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি।

বঙ্গভবনের ইতিহাস ও ঐতিহ্যের প্রসঙ্গ টেনে রাষ্ট্রপতি বলেন, এটি রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক, তাই এর মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে। বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তসংক্রান্ত সব বিষয়ে কঠোরভাবে গোপনীয়তা রক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়।

রাষ্ট্রীয় ব্যয়ে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার এবং অপচয় রোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি সম্পদ ও সুযোগ-সুবিধা পরিচালিত হয় দেশের জনগণের অর্থেই। তাই এসবের সঠিক, দায়িত্বশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে।

শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি নিয়মিত নৈতিক মনোবল ও সুন্দর চরিত্র গঠনে সচেষ্ট হতেও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

বক্তব্যে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। যুদ্ধ-পরবর্তী দেশ ও রাষ্ট্র গঠনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও কৃতিত্বও শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। স্মরণ করেন পূর্ববর্তী সব রাষ্ট্রপতিকেও।

কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘আমরা এখানে একটা পরিবার। সবাই একই জায়গায় কাজ করি। আমরা যখন সুযোগ পাব, সেই সময় পরস্পরের সঙ্গে কথা বলে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব।’ ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আশা প্রকাশ করেন তিনি।