স্মার্টফোন এখন আর কেবল যোগাযোগের মাধ্যম নয়। ব্যক্তিগত ছবি, চ্যাট, ব্যাংকিং তথ্য, নথিপত্র থেকে শুরু করে টিকিট বুকিং — প্রায় সব গুরুত্বপূর্ণ কাজেই ব্যবহৃত হয় ফোন। সে জন্য ফোনে ইনস্টল থাকে একাধিক অ্যাপ। কিন্তু অ্যাপ ইনস্টল করেই দায়িত্ব শেষ নয়; নিয়মিত আপডেট করাও ফোন ব্যবহারের গুরুত্বপূর্ণ অংশ।
অনেকেই অবশ্য আপডেটের নোটিফিকেশন দেখলে সেটি পরে করার জন্য রেখে দেন। কেউ আবার ভাবেন, অ্যাপ যখন ঠিকঠাক চলছে তখন নতুন করে আপডেটের দরকার নেই। কিন্তু এই অভ্যাস সব সময় নিরাপদ নয়। পুরোনো সংস্করণে থাকা ত্রুটি বা নিরাপত্তাজনিত দুর্বলতা সারাতেই অনেক সময় নতুন আপডেট আসে। ফলে দীর্ঘদিন তা এড়িয়ে গেলে ফোন ও ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়তে পারে।
কোনো অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান যখন তাদের সফটওয়্যারের নতুন সংস্করণ প্রকাশ করে, সেটিই সাধারণভাবে অ্যাপ আপডেট নামে পরিচিত। এতে পুরোনো সংস্করণের নানা সমস্যার সমাধানের পাশাপাশি উন্নত করা হয় অ্যাপের কার্যকারিতা।
কখনো আপডেটের পর অ্যাপের ডিজাইন বদলে যায়, যুক্ত হয় নতুন কোনো অপশন কিংবা আগের কোনো ফিচার আরও সহজ হয়ে ওঠে। আবার অনেক আপডেট ব্যবহারকারীর চোখে তেমন পরিবর্তন না আনলেও অ্যাপের ভেতরের কার্যকারিতা ও নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অ্যাপ তৈরি ও প্রকাশের সময় সব ধরনের পরিস্থিতি আগেভাগে শনাক্ত করা সম্ভব হয় না। ফলে কোনো কোনো অ্যাপে থেকে যেতে পারে ছোটখাটো ত্রুটি বা বাগ।
এসব বাগের কারণে অ্যাপ হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে, ধীরগতিতে কাজ করতে পারে কিংবা নির্দিষ্ট কোনো ফিচার ঠিকমতো না-ও চলতে পারে। ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া তথ্য ও নিজেদের পরীক্ষার ভিত্তিতে ডেভেলপাররা সমস্যাগুলো শনাক্ত করে নতুন সংস্করণে সমাধান করেন। তাই কোনো অ্যাপ ব্যবহারে বারবার সমস্যা হলে নতুন আপডেট এসেছে কি না, দেখে নেওয়া উচিত।
আপডেট করার অন্যতম প্রধান কারণ সাইবার নিরাপত্তা। কোনো সফটওয়্যারে নিরাপত্তার দুর্বলতা ধরা পড়লে তা কাজে লাগিয়ে ক্ষতিকর কেউ ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে।
নতুন আপডেটের মাধ্যমেই সেই দুর্বলতা বন্ধ করার ব্যবস্থা করেন ডেভেলপাররা। ফলে পুরোনো সংস্করণে যে ঝুঁকি থেকে যায়, নতুনটিতে গেলে তা অনেকটাই কমে। বিশেষ করে ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট, ই-মেইল, সামাজিক যোগাযোগমাধ্যম বা ব্যক্তিগত তথ্যের সঙ্গে যুক্ত অ্যাপের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত।
সব আপডেট কেবল নতুন ফিচার যোগ করার জন্য আসে না। অনেক সময় অ্যাপকে আরও স্থিতিশীল ও দ্রুত করতেও নতুন সংস্করণ প্রকাশ করা হয়। কোনো অ্যাপ বারবার ক্র্যাশ করলে, ধীরে খুললে কিংবা নির্দিষ্ট কাজে সমস্যা হলে আপডেটেই মিলতে পারে সমাধান। নিয়মিত আপডেট করা থাকলে অ্যাপের সামগ্রিক ব্যবহারও হয়ে ওঠে স্বচ্ছন্দ।
আপডেটের পর ব্যবহারকারীরা অনেক সময় নতুন সুবিধা পান — নতুন কোনো বাটন, বদলে যাওয়া মেনু, উন্নত সার্চ ব্যবস্থা কিংবা বাড়তি কোনো ফিচার। তবে সব আপডেটের পরিবর্তন চোখে পড়ে না; কোনো কোনোটির মূল উদ্দেশ্যই থাকে অ্যাপের পেছনের প্রযুক্তিগত কাঠামো উন্নত করা বা নিরাপত্তা বাড়ানো।
আপডেটের নোটিফিকেশন দেখলেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে গুরুত্বপূর্ণ অ্যাপের আপডেট দীর্ঘদিন ঝুলিয়ে রাখাও ঠিক নয়। বিশেষত নিরাপত্তা সংশোধন বা গুরুত্বপূর্ণ বাগ ফিক্সের আপডেট এলে দ্রুত ইনস্টল করাই ভালো। সবচেয়ে নিরাপদ পদ্ধতি হলো বিশ্বস্ত অ্যাপ স্টোর থেকে আপডেট করা এবং ফোনে পর্যাপ্ত স্টোরেজ ও চার্জ রেখে কাজটি সারা।
তাই পরেরবার নোটিফিকেশন এলে বারবার ‘লেটার’ চাপার আগে একবার ভেবে দেখুন। একটি আপডেট হয়তো কেবল নতুন ফিচারই দিচ্ছে না, সেই সঙ্গে আপনার ফোন ও ব্যক্তিগত তথ্যকে আরও নিরাপদ রাখার ব্যবস্থাও করছে।