ফ্রিজ এখন রান্নাঘরের অন্যতম প্রয়োজনীয় যন্ত্র। রান্না করা খাবার থেকে শুরু করে মাছ-মাংস, শাকসবজি, দুধ, ডিম কিংবা ফল — প্রায় সবই সংরক্ষণ করা হয় এতে। ফলে প্রতিদিনের বাজার ও রান্নার ঝক্কি অনেকটাই কমে যায়।
কিন্তু নিয়মিত পরিষ্কার না করলে সেই ফ্রিজই হয়ে উঠতে পারে দুর্গন্ধের উৎস। বিভিন্ন খাবারের গন্ধ একসঙ্গে মিশে তৈরি হয় অস্বস্তিকর পরিবেশ। সম্প্রতি ফ্রিজের দুর্গন্ধ কমানোর একটি ঘরোয়া উপায় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় এসেছে। দাবি করা হচ্ছে, ফ্রিজের ভেতরে একটি নতুন টয়লেট পেপারের রোল রেখে দিলে নাকি রাতারাতি দুর্গন্ধ ও আর্দ্রতা কমে যায়। কিন্তু পদ্ধতিটি আসলে কতটা কার্যকর?
টয়লেট পেপার সাধারণত তৈরি হয় সেলুলোজ ফাইবার দিয়ে। এই ফাইবারের গঠনে থাকে ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁক বা ছিদ্র, যা কিছুটা পানি বা আর্দ্রতা শোষণ করতে পারে। তাই ফ্রিজের ভেতরে বাড়তি আর্দ্রতা থাকলে টয়লেট পেপার তার কিছুটা টেনে নিতে পারে। এভাবেই দুর্গন্ধ খানিকটা কমে বলে ধারণা করা হয়।
ফ্রিজে দুর্গন্ধ তৈরির পেছনে থাকতে পারে নানা কারণ। কাঁচা মাছ-মাংস, পেঁয়াজ-রসুন, পনির, রান্না করা খাবার কিংবা দীর্ঘদিন পড়ে থাকা অব্যবহৃত খাবার থেকে গন্ধ ছড়াতে পারে। কোনো খাবার নষ্ট হয়ে গেলে সেই গন্ধ আরও তীব্র হয়ে ওঠে।
এ ছাড়া খাবারের তরল বা গ্রেভি ফ্রিজের তাক, ড্রয়ার বা নিচের অংশে পড়ে থাকলেও সেখান থেকে দুর্গন্ধ হতে পারে। কেবল টয়লেট পেপার রেখে দিলে এসব উৎস দূর হবে না।
টয়লেট পেপার আর্দ্রতা শোষণ করতে পারলেও ফ্রিজকে জীবাণুমুক্ত করতে পারে না। ব্যাকটেরিয়া বা অন্য জীবাণু ধ্বংস করার মতো কোনো জীবাণুনাশক উপাদান এতে নেই।
এর কাজ কেবল আর্দ্রতা শুষে নেওয়া। ফ্রিজের তাকে খাবারের অবশিষ্টাংশ পড়ে থাকলে এবং সেখান থেকে গন্ধ ছড়ালে রোল রেখেও খুব একটা লাভ হবে না। তাই দুর্গন্ধ থাকলে শুধু একটি রোল রেখে ফ্রিজ পরিষ্কার বা জীবাণুমুক্ত হয়েছে ভেবে নেওয়া ঠিক হবে না।
সবার আগে ফ্রিজের ভেতরের মেয়াদোত্তীর্ণ, নষ্ট বা সন্দেহজনক খাবার ফেলে দিতে হবে। এরপর খাবারের পাত্র, তাক ও ড্রয়ার বের করে পরিষ্কার করতে হবে। কোথাও তরল পড়ে থাকলে তা-ও ভালোভাবে মুছে নিতে হবে।
দুর্গন্ধ ঠেকাতে ফ্রিজের ভেতরে খাবার সব সময় ঢাকনাযুক্ত পাত্রে রাখা ভালো। কাঁচা মাছ-মাংস আলাদা করে ভালোভাবে প্যাক করে রাখাও জরুরি। এতে এক খাবারের গন্ধ অন্যটিতে মেশার প্রবণতা কমে।
ভাইরাল কোনো ঘরোয়া উপায় সাময়িকভাবে কিছুটা আর্দ্রতা কমাতে পারলেও ফ্রিজের দুর্গন্ধের স্থায়ী সমাধান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতাই। কোন খাবার কত দিন ধরে রাখা আছে, সেদিকেও নজর দিতে হবে।