খেলা

বেসবল মাঠে ক্রিকেট, এশিয়ান গেমসের ভেন্যু নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট ২০২৬, ৫:১৫ ভোর
বেসবল মাঠে ক্রিকেট, এশিয়ান গেমসের ভেন্যু নিয়ে শঙ্কা
ছবি: প্রথম আলো

সময় হাতে খুব বেশি নেই। এশিয়ান গেমসে নামার প্রস্তুতি নিচ্ছে এশিয়ার সেরা ক্রিকেট দলগুলো। কিন্তু মাঠে নামার আগেই সামনে এসেছে একাধিক প্রশ্ন — মাঠ নিয়ে, উইকেট নিয়ে, এমনকি ড্রেসিংরুম ও খেলোয়াড়দের হোটেলকক্ষ নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।

জাপানের নাগোয়ার পূর্ব দিকে ছোট শহর নিসশিন। সেখানেই বসবে গেমসের ক্রিকেট, ভেন্যুর নাম কোরোগি স্পোর্টস পার্ক। কয়েক মাস আগেও এটি ছিল বেসবল মাঠ; গত মার্চে ক্রিকেটের উপযোগী করে তোলা হয়েছে। কিন্তু নতুন এই ভেন্যু নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না অংশগ্রহণকারী দলগুলো।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, খেলা হবে হাইব্রিড পিচে — বেশির ভাগই প্রাকৃতিক ঘাস, সঙ্গে অল্প পরিমাণ পলিথিন ফাইবার। পিচটি তৈরি হয়েছে খুব বেশি দিন হয়নি, সেখানে ক্রিকেট হয়েছে কেবল গত মে মাসে। ফলে এর আচরণ নিয়েও থেকে যাচ্ছে প্রশ্ন।

এশিয়ান গেমস অপারেশনস ম্যানেজার অ্যাডাম বির্স গত মে মাসে বার্তা সংস্থা এএফপিকে বলেছিলেন, পিচটি বাউন্সি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে আবহাওয়ার শঙ্কা — সেপ্টেম্বরে জাপানে শুরু হয় টাইফুন মৌসুম, যা মাঠের পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে। শুধু পিচ নয়, উদ্বেগ রয়েছে ভেন্যুর ড্রেসিংরুম নিয়েও।

এক সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মাঠে ভালো ড্রেসিংরুম নেই। দর্শক ধারণক্ষমতা প্রায় ২ হাজার। বেসবল মাঠের পুরোনো কাঠামোর কিছু অংশও এখনো চোখে পড়ে; এমনকি রয়ে গেছে পিচারের মাউন্ডও। এ অবস্থায় ক্রিকেট আয়োজন কতটা নির্বিঘ্ন হবে, সেটিই এখন বড় প্রশ্ন।

এসব উদ্বেগ প্রথম সামনে আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই সপ্তাহ আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি সভায় বিষয়টি তোলা হয়।

সেখানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানসহ সদস্যদেশগুলোর প্রতিনিধিরা আলোচনা করেন। এরপর জানা গেছে, ভেন্যু ও খেলোয়াড়দের আবাসন সরেজমিনে দেখতে প্রতিনিধি পাঠাবে এসিসি। ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) নাকি বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে।

তারা যোগাযোগ করেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ও এশিয়ান গেমসের আয়োজক কমিটির সঙ্গে। তবে অলিম্পিক অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, খেলাধুলার কারিগরি বিষয়ে তাঁদের সরাসরি ভূমিকা নেই; তাই বিসিসিআইকে আয়োজক কমিটির সঙ্গেই কথা বলতে বলা হয়েছে।

মাঠের প্রশ্নের পাশাপাশি সমস্যা তৈরি হয়েছে মাঠের বাইরেও — খেলোয়াড়দের থাকার ব্যবস্থা নিয়ে।

এবার আইচি-নাগোয়া এশিয়ান গেমসে প্রচলিত কোনো অ্যাথলেটস ভিলেজ থাকছে না। প্রায় ১৫ হাজার অংশগ্রহণকারীকে রাখা হবে তিন ধরনের আবাসনে — একটি বিলাসবহুল ক্রুজ লাইন, গেমস ভিলা এবং বিভিন্ন হোটেল। এশিয়ার অলিম্পিক কাউন্সিল জানিয়েছে, ক্রিকেটার, শাটলার, ফুটবলার ও সফটবল খেলোয়াড়দের ঠাঁই হবে নাগোয়ার হোটেলগুলোয়। সেখানেই উঠছে নতুন আপত্তি — কিছু হোটেলকক্ষ নাকি এতটাই ছোট যে দুজন খেলোয়াড়ের সঙ্গে তাঁদের কিটব্যাগ ও লাগেজ রাখাই কঠিন।

সমস্যাটা বোঝাতে এশিয়ান অলিম্পিক কাউন্সিলের এক কর্মকর্তা বলেছেন, ‘এটি সত্যিই একটি সমস্যা। কারণ, ঘরগুলো খুবই ছোট। একজন খেলোয়াড় যদি তাঁর কিটব্যাগ খোলেন, তাহলে দাঁড়ানোর মতো খুব বেশি জায়গা আর অবশিষ্ট থাকবে না। আমরা এই সমস্যার সমাধান বের করার চেষ্টা করছি।’

এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট ইভেন্ট হবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত। ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা যাত্রা শুরু করবে নকআউট পর্ব থেকে। এই চার দলের সঙ্গে মূল পর্বে যোগ দিতে প্রথম রাউন্ডে লড়বে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান।

মেয়েদের ইভেন্ট শুরু হবে কোয়ার্টার ফাইনাল দিয়ে — ভারতের প্রতিপক্ষ জাপান, বাংলাদেশের চীন, শ্রীলঙ্কার মালয়েশিয়া এবং পাকিস্তানের থাইল্যান্ড। মেয়েদের ক্রিকেট চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

সূত্র: প্রথম আলো

৪ বার দেখা

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

আপনার মতামত সম্পাদক অনুমোদনের পর প্রকাশিত হবে।

সম্পর্কিত খবর

পরের খবর

বার্নাব্যুতে ফিরে এমবাপ্পের হ্যাটট্রিক দেখলেন মরিনিও

বার্নাব্যুতে ফিরে এমবাপ্পের হ্যাটট্রিক দেখলেন মরিনিও