চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে খবরটি সত্য নয় বলে জানিয়েছে তাঁর পরিবার। লন্ডনে চিকিৎসাধীন এই অভিনেতা ভালোই আছেন। বুধবার লন্ডন সময় সন্ধ্যায় তাঁর সিটি স্ক্যান ও এমআরআই করার কথা রয়েছে। মিথ্যা মৃত্যুসংবাদ ছড়ানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তাঁর হাতে গড়া সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় নেতাসহ সারা দেশের প্রায় ১২০টি শাখার নেতা-কর্মীরা গুজবের উৎস শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

নিসচার মহাসচিব লিটন এরশাদ বলেন, ‘“সবার আগে সংবাদ” দেওয়ার প্রতিযোগিতা কখনোই সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প হতে পারে না। একটি সংবাদ দ্রুত প্রকাশ করার চেয়ে সংবাদটি সত্য কি না, সেটি নিশ্চিত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

সংগঠনটির নেতাদের বক্তব্য, মৃত্যু, দুর্ঘটনা কিংবা অসুস্থতার মতো স্পর্শকাতর বিষয়ে কিছু প্রকাশের আগে পরিবার, নিকটজন বা নির্ভরযোগ্য সূত্র থেকে সত্যতা যাচাই করা জরুরি। জীবিত একজন মানুষের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে তাঁর পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আতঙ্ক ও মানসিক চাপ তৈরি হতে পারে। যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্য শেয়ার করাও অনৈতিক ও ক্ষতিকর।

গুজবটি প্রথম কোথা থেকে ছড়াল, তা শনাক্ত করে তদন্তের দাবি জানিয়েছে নিসচা। অপরাধের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি দেশবাসী ও ইলিয়াস কাঞ্চনের শুভানুধ্যায়ীদের সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে বিভ্রান্ত না হতে অনুরোধ করা হয়েছে।

ব্রেন ক্যানসারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। গত বছরের আগস্টে সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। চিকিৎসকেরা টিউমারের বড় একটি অংশ অপসারণ করতে পারলেও ঝুঁকির কারণে পুরোটা সরানো যায়নি। এরপর বিভিন্ন ধাপে কেমোথেরাপি ও ওরালথেরাপি নিয়েছেন তিনি।

দীর্ঘ চিকিৎসার মাঝে সম্প্রতি ১০ দিনের জন্য দেশে এসেছিলেন এই অভিনেতা। সে সময় পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নিসচার একটি অনুষ্ঠানেও অংশ নেন। কিশোরগঞ্জের করিমগঞ্জে গ্রামের বাড়িতে গিয়ে পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন। গত সপ্তাহে জামাতাকে সঙ্গে নিয়ে আবার লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

পরিবার জানিয়েছে, তাঁর কেমোথেরাপির ধাপ শেষ হয়েছে; পরবর্তী চিকিৎসার জন্যই লন্ডনে ফেরা। স্থানীয় সময় সন্ধ্যায় সিটি স্ক্যান ও এমআরআই শেষে চিকিৎসকেরা ঠিক করবেন পরের ধাপে কী চিকিৎসা হবে।