অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ১৫ বছর দায়িত্ব পালনের পর আনুষ্ঠানিকভাবে পদ ছাড়তে যাচ্ছেন টিম কুক। সে উপলক্ষেই ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় অ্যাপল পার্কে তাঁর বিদায় সংবর্ধনার আয়োজন করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে মার্কিন ব্যান্ড ওয়ানরিপাবলিকের পরিবেশনা ছিল; সহকর্মীদের উদ্দেশে বক্তব্যও দেন কুক। অ্যাপলে কাজের সময়ে নিজের ব্যক্তিগত জীবনের বিরল কিছু মুহূর্তের কথাও সেখানে তুলে ধরেন তিনি।

দ্য ইনফরমেশনের প্রতিবেদন অনুযায়ী, ২৪ আগস্ট অ্যাপলের সিইও হিসেবে কুকের দায়িত্ব পালনের ১৫ বছর পূর্ণ হয়েছে। তাঁর দীর্ঘ নেতৃত্বকে স্মরণ করে অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক সিইও স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েল জবস, প্রতিষ্ঠানটির সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) জেফ উইলিয়ামস, সেবা বিভাগের প্রধান এডি কিউ এবং হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের প্রধান জন টার্নাস।

সিইওর পদ ছাড়লেও অ্যাপল ছাড়ছেন না টিম কুক। আগামী ১ সেপ্টেম্বর তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। নতুন ভূমিকায় থেকেও অ্যাপলের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সহায়তা করবেন তিনি; বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ রাখার কাজে তাঁকে যুক্ত রাখার পরিকল্পনা রয়েছে।

কুক দায়িত্ব ছাড়ার দিনই অ্যাপলের নতুন সিইও হিসেবে দায়িত্ব বুঝে নেবেন জন টার্নাস। ২০০১ সালে অ্যাপলে যোগ দেওয়া টার্নাস ২০২১ সাল থেকে প্রতিষ্ঠানটির হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্বে আছেন। দায়িত্ব নেওয়ার পরপরই অ্যাপলের কৌশল বা কার্যক্রমে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম; বরং বর্তমান ধারা ধরে রাখার দিকেই তাঁর গুরুত্ব থাকতে পারে।

তবে দায়িত্ব নেওয়ার পরপরই বড় এক পরীক্ষার মুখে পড়তে হতে পারে টার্নাসকে। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় অ্যাপলের আইফোন উন্মোচন অনুষ্ঠানই হবে তাঁর নেতৃত্বে প্রথম বড় পণ্য উপস্থাপনের আয়োজন। বছরের অন্যতম গুরুত্বপূর্ণ এই আয়োজনে মঞ্চে উঠে নতুন আইফোনসহ অন্যান্য পণ্য ও প্রযুক্তি তুলে ধরতে হবে তাঁকে।

সূত্র: ইন্ডিয়া টুডে