চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন। তার আগে ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিছু বৃহৎ কোম্পানি। নির্বাচনে রিপাবলিকানরা হেরে গেলে নতুন আইনি জটিলতায় পড়তে হতে পারে — এই আশঙ্কা থেকেই তাদের এমন তৎপরতা। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের নানা প্রকল্পে বিপুল অর্থ দেওয়া বড় প্রযুক্তি কোম্পানিগুলোর আশঙ্কা — মধ্যবর্তী নির্বাচনের পর রিপাবলিকান পার্টি প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারালে তারা কংগ্রেসের তদন্ত ও আইনি পদক্ষেপের লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ায় উগ্রপন্থী সংগঠন হিসেবে চিহ্নিত কোম্পানি ‘মেটা’ ডেমোক্র্যাটদের পেছনে বিপুল অর্থ ব্যয় করছে। হোয়াইট হাউসে বলরুম নির্মাণসহ বিভিন্ন রিপাবলিকান উদ্যোগে দেওয়া কয়েক মিলিয়ন ডলারের অনুদানের সঙ্গে ভারসাম্য তৈরির চেষ্টা হিসেবেই এই ব্যয়।

প্যারামাউন্ট স্কাইড্যান্স এবং অনলাইন পূর্বাভাস প্ল্যাটফর্ম Kalshi এমন কয়েকজনকে নিয়োগ দিচ্ছে, যাঁরা আগে ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্যদের সঙ্গে কাজ করেছেন।

এদিকে কংগ্রেসের তলব ও শুনানির জন্য প্রস্তুতি নিচ্ছে প্যালান্টিরসহ কয়েকটি প্রতিষ্ঠান। অন্যদিকে চলতি বছরের প্রথম ভাগে ওয়াশিংটনে কয়েকটি নৈশভোজের আয়োজন করেছে প্রযুক্তি জায়ান্ট ওপেনএআই।

সেসব নৈশভোজে আমন্ত্রণ জানানো হয় ডেমোক্র্যাটিক আইনপ্রণেতাদের। প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে সুসম্পর্ক গড়ার চেষ্টা করছেন।

তবে কিছু ব্যবসাপ্রতিষ্ঠান আবার ডেমোক্র্যাটদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে পড়ার ঝুঁকি নিয়েও ভাবছে। তাদের হিসাব, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প হারবেন না, আরও দুই বছর ক্ষমতায় থাকবেন। এমন পরিস্থিতিতে কেউ কেউ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কৌশলী হচ্ছে, আবার নির্বাচনের আগেই বড় চুক্তিগুলো সেরে ফেলতে তাড়াহুড়ো করছে।

জুলাইয়ের শেষ দিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, হোয়াইট হাউসে বলরুম নির্মাণসহ ট্রাম্পের বিভিন্ন অলাভজনক প্রকল্পের জন্য বড় মার্কিন কোম্পানিগুলোর কাছ থেকে ৮০ কোটি ডলারেরও বেশি অর্থ সংগ্রহ করেছেন তিনি।